নেত্রকোনার মদনে এক শিক্ষার্থীকে পরপর চার ডোজ ভ্যাকসিন দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বেলা ১১টায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত নার্সকে কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছে বলে দাবি ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনের।
ভুক্তভোগী শিক্ষার্থী আদিবা বিনতে আজিজ (১৪) মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। সে পৌরসভার মাহমুদপুর গ্রামের আজিজুল হকের মেয়ে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়। বেলা সাড়ে ১০টার দিকে শিক্ষার্থী আবিদা বিনতে আজিজ টিকা নিতে যায়। টিকাদান কার্যক্রমের দায়িত্বে থাকা এক নার্স মোবাইল ফোনে কথা বলতে বলতে শিক্ষার্থী আবিদা বিনতে আজিজকে পর পর চার ডোজ ভ্যাকসিন দিয়ে দেন। পরে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়। খবর পেয়ে শিক্ষার্থীর মা ও স্বজন হাসপাতালে আসার আগেই অভিযুক্ত নার্সকে সরিয়ে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা বলেন, আমার মেয়েকে পর পর চার ডোজ ভ্যাকসিন দেয়া হয়েছে। এতে আমার মেয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি হাসপাতালের ডাক্তার রিফাত সাঈদকে জানাতে গেলে তিনি আমার সঙ্গে উল্টো খারাপ আচরণ করেন। বর্তমানে আমি মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছি।
দায়িত্বে থাকা ডাক্তার রিফাত সাঈদ বলেন, কোন নার্স শিক্ষার্থীকে চার ডোজ ভ্যাকসিন দিয়েছে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ নিয়ে শিক্ষার্থীর স্বজনের সঙ্গে কথা হয়েছে। কোনো রকম খারাপ আচরণ করা হয়নি ।
এ ব্যাপারে মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, বিষয়টি নিয়ে ওই শিক্ষার্থী ও তার স্বজনের সঙ্গে আমি কথা বলেছি। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। মনোযোগী হয়ে টিকা দিতে সব নার্সকে সতর্ক করেছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।










