দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই ঘটনার জেরে দুই ভারতীয় নাগরিককে ধরে এনে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। বর্তমানে ওই দুই ভারতীয় নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবি ও বিরল থানা পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করেছে। শুক্রবার (২ মে) দুপুরে বিরল উপজেলার ৮ নম্বর ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে এ ঘটনাটি ঘটে।
গ্রামবাসীরা জানান, সকাল থেকে ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে বনগাঁও গ্রামের এনামুলের ছেলে মো. মাসুদ রানা (২২) এবং ধর্মজৈন গ্রামের মো. ইসরাইলের ছেলে এনামুল হক (৪৫) নিজ নিজ জমিতে বোরো ধান কাটছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে মল্লিকপুর কারুলিয়াপাড়া সীমান্তের ৩২০ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৯ ও ১০-এর মাঝামাঝি স্থান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সদস্যরা বাংলাদেশের সীমানায় প্রবেশ করে ওই দুই কৃষককে ধরে নিয়ে যায়।
এ ঘটনায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রায় এক ঘণ্টা পর, দুপুর ১টার দিকে দুই ভারতীয় আদিবাসী নাগরিক বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে বিক্ষুব্ধ গ্রামবাসীরা তাদের ধরে এনে গ্রামের কারুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে আটকে রাখে। আটক ব্যক্তিরা হলেন—ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেন টুডুর ছেলে অবিনাশ টুডু (২২) এবং একই এলাকার লরদু সরেনের ছেলে ফিলিপ সরেন (৩০)।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিজিবি ধর্মজৈন বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মো. রেজাউল করিম বলেন, ‘সীমান্তে ধান কাটার সময় দুই বাংলাদেশী নাগরিককে বিএসএফ ধরে নিয়ে গেছে। পরে স্থানীয়রা দুই ভারতীয় নাগরিককে আটক করেছে। সমস্যা সমাধানে বিজিবির পক্ষ থেকে বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যার নিষ্পত্তি প্রক্রিয়া শুরু হয়েছে।’
সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান মো. নূর ইসলাম বলেন, ‘সীমান্তে উভয় দেশের কৃষকরাই চাষবাস করে। কিন্তু বিএসএফ সম্পূর্ণ উস্কানিমূলকভাবে দুই বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে। প্রতিবাদে গ্রামবাসীরাও দুই ভারতীয় নাগরিককে আটক করেছে। পরে বিজিবি সদস্যরা এসে তাদের হস্তান্তর নেয়।’










