ঘূর্ণিঝড়
ইয়াসের প্রভাবে খুলনার কয়রা উপজেলায় জোয়ারের পানির তোড়ে প্রায়
একশ মিটার সড়ক ভেঙে গেছে। এতে কয়রা উপজেলার সঙ্গে খুলনা জেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে
পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার কয়রা
উপজেলার ৩৫
টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়। বৃহস্পতিবার দুপুরের জোয়ারে আরও ১৫
থেকে ২০টি গ্রাম প্লাবিত হয়। জোয়ারের পানির তোড়ে
শুক্রবার রাতে সড়ক ও জনপদ বিভাগের কয়রা-খুলনা সড়কের কালনা শেখবাড়ির
সামনে প্রায় একশ মিটার ভেঙে যায়।
উপজেলার
প্রধান সড়ক ভেঙে যাওয়ায় দুইপাশে বিপুল সংখ্যক ছোট-বড় যানবাহন আটকা পড়ে আছে। জরুরি
পণ্যবাহী যানবাহনও চলাচল করতে পারছে না এই সড়ক দিয়ে।
এবিষয়ে
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ
বিশ্বাস বণিক বার্তাকে বলেন, কয়রা-খুলনা সড়কের ওই অংশ ভেঙে যাওয়ায় তিনটি ইউনিয়নের সঙ্গে উপজেলা ও
জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কয়রা
উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, নদীতে জোয়ার এলেই ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো দিয়ে লোকালয়ে পানি ঢুকছে।
প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। শুক্রবার দুপুরেও জোয়ারের পানিতে নতুন করে
প্লাবিত হয়েছে অনেক এলাকা। এর ফলে খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে।










