খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দুটি মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দুটি রুজু করা হয়েছে। দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। মামলায় তার বিরুদ্ধে মেয়র ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য থাকাকালে ১৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে হাবিবুন নাহারের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান। মামলায় তার বিরুদ্ধে বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী পদে এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য থাকাকালে জ্ঞাত আয়-বহির্ভূত ১ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।










