পিরোজপুরের সংরক্ষিত নারী আসন-১৯ এর সংসদ সদস্য শেখ এ্যানি রহমান আর নেই। আজ মঙ্গলবার বেলা ১টা ৪৫ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর রহমান লিটন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

লিটন বলেন, খাদ্যনালীতে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে প্রায় ১০ মাস ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৩ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শেখ এ্যানি রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি। তার বাবা এনায়েত হোসেন খান ছিলেন তৎকালীন বাকেরগঞ্জ-১৬ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৯ সালে ২০ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন এ্যানি। 

শেখ এ্যানি রহমান এর মৃত্যুর খবরে পিরোজপুরে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক ও কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মসিউর রহমান মহারাজসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।