ছুটির দিনেও বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। গতকাল বৃহস্পতিবারও এ সময় রাজধানীর অবস্থান ছিল চতুর্থ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বায়ুর মান ২৩১। বায়ুর এ মানকে খুব অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। গতকাল এ মান ছিল ২৫৫। নগরীর ৯টি স্থানে আজ দূষণ পরিস্থিতি খুব খারাপ। সেসব এলাকায় গেলে মাস্ক পরাসহ কিছু নিয়ম মানা জরুরি।

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

বায়ুদূষণে আজ শীর্ষে আছে পাকিস্তানের লাহোর, স্কোর ৪৪৫। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি ও কুয়েতের কুয়েত সিটি। দুটি নগরীর স্কোর যথাক্রমে ৩৭২ ও ২৫২। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে এর বাইরের শহরগুলোর দূষণ।

রাজধানীর সাতটি এলাকায় আজ বায়ুদূষণ পরিস্থিতি অনেক খারাপ। এর মধ্যে মহাখালীর আইসিডিডিআরবির ক্যাম্পাসে বায়ুর মান ২৬০, বেচারাম দেউড়ীতে ২৫৯, মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ে ২৪০, গোড়ানে ২৩২, কল্যাণপুরে ২৩১, দক্ষিণ পল্লবীতে ২৩১, গুলশানের বে’জ এজ ওয়াটারে ২২৯।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।