টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে মেহেরপুরের গাংনীর গাড়াডোব এলাকায় খাদেমুল ইসলাম (৩৫) নামের একজনকে গুলি করে হত্যা করেছে ছিনতাইকারীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। খাদেমুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মিনারুল ইসলামের ছেলে।
গুরুতর আহত হলেও টাকার ব্যাগ আকড়ে পড়েছিলেন খাদেমুল ইসলাম।
তার কাছে থাকা ৪৬ লাখ টাকা হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কোমরপুর শাখা এজেন্ট খাদেমুল ইসলাম ৪৬ লাখ টাকার একটি ব্যাগে নিয়ে মোটরসাইকেলযোগে গাংনী শাখা জমায় দেয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
আমঝুপি-গাড়াডোব সড়কে গাড়াডোব গ্রামের ফাঁকা স্থানে এলে তার পথরোধ করে ছিনতাইকারীরা।
টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে তা আকড়ে ধরেন খাদেমুল।
এ সময় তার কোমরে গুলি করে ছিনতাইকারীরা।
গুলিবিদ্ধ হয়ে খামেদুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লেও ব্যাগ আড়কে ধরে ছিলেন।
এক পর্যায়ে পথচারীরা এগিয়ে এলে একটি মোটরসাইকেলযোগে ছিনতাইকারীরা আমঝুপির দিকে পালিয়ে যায়।
পথচারীরা খাদেমুলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে পৌঁছনোর আগেই তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান শাওন।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুতর আহত খাদেমুলের কাছ থেকে টাকাগুলো হেফাজতে নেয়া হয়েছে। তার ব্যাগে ৪৬ লাখ টাকা রয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশ চেষ্টা করছে।










