নেত্রকোনা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫ জন। আজ মঙ্গলবার সদর উপজেলার রাজেন্দ্রপুর ও পশ্চিমপাড়া গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে ১২টি কাঁচা ঘর মাটিতে মিশে যায়। এছাড়া গৃহপালিত গরু ছাগলসহ শতাধিক বিভিন্ন মৌসুমি ফল ও সবজি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা বৃষ্টি ও কয়েক মিনিটের ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে কাঁচা ঘরবাড়ি। উড়ে গেছে ঘরের টিন। ভেঙে গেছে হাজার হাজার গাছের ডালপালা। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অনেক আম,কাঁঠাল, লিচুসহ বিভিন্ন প্রজাতির গাছপালা ভেঙে মাটিতে মিশে গেছে।
নেত্রকোনা সদর চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের হোসনে আরা বলেন,কালবৈশাখী ঝড় আমাদের গোটা গ্রাম তছনছ করে দিয়েছে। এ সময় ঘরের নিচে পড়ে আহত হয়েছেন কয়েকজন।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মাহবুবুল মজিদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানূর রহমানকে সঙ্গে নিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করেন।










