জাপানে চার দিনের সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়শিংটন ডিসির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এম নজরুল ইসলামের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে বাসস।

তিনি জানান, আজ শুক্রবার (২৮ এপ্রিল) টোকিও স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করবেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

ওয়াশিংটন ডিসিতে আগামী ১ মে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্ব উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা।

আগামী ৪ মে যুক্তরাজ্য ও অন্যান্য কমনওয়েলথ রাজ্যের রাজা ও রানী হিসেবে চার্লস তৃতীয় ও তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ভিভিআইপি ফ্লাইট টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।