বিএনপির কোনো নেতাকর্মী গোলযোগের সঙ্গে জড়িত নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) মাজারে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজ ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করে দেয়ার জন্য চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। কিছু সংখ্যক গোলযোগ সৃষ্টিকারী আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে গোলযোগ সৃষ্টি করার পায়তারা করে যাচ্ছে। পরিষ্কার করে বলতে চাই, আমাদের কোনো নেতাকর্মী গোলযোগের সঙ্গে জড়িত নয়।
মির্জা ফখরুল বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য ও মানবাধিকারের ভিত্তিতে দেশ গঠন করতে চাই। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করছি।
গণতান্ত্রিক আন্দোলনের যারা কারাগারে আছেন, তাদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার পতনের পর ড. ইউনূসের নেতৃত্বের মধ্য দিয়ে যে অন্তবর্তী সরকার গঠিত হয়েছে, সে সরকারকে আমরা সর্বোচ্চভাবে সমর্থন জানাচ্ছি। দলকে দৃঢ় করতে আমরা কাজ করছি।










