রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৯ দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রোববার (২৯ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা এসব দাবি জানিয়ে আসছেন। কিন্তু প্রশাসন চুপ থাকায় এবার তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানগুলো ছিল: ‘আপোষ না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’, ‘আমাদের দাবি আমাদের দাবি, মানতে হবে মানতে হবে’, ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’, ‘এক দুই তিন চার; হল আমার অধিকার’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘গড়িমাসি চলবে না, চলবে না চলবে না’।
শিক্ষার্থীদের ৯ দফা দাবির মধ্যে আছে— পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা, পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ রাখা, ক্যাম্পাসে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, মেডিকেল সেন্টারকে ৫০ শয্যার পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টারে উন্নীত করা, প্রশাসনিক সব কার্যক্রম ডিজিটাল ও অনলাইনভিত্তিক করা, হল ডাইনিংয়ে মানসম্মত খাবারের জন্য পর্যাপ্ত ভর্তুকি দেয়া, কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামো ও প্রযুক্তিগত সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর করা ও রাকসুর পূর্ণাঙ্গ তফসিল দ্রুত ঘোষণা করা।
সমাবেশে আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের এই ৯ দফা দাবি ন্যায্য ও সময়ের দাবি। এগুলো বাস্তবায়নে শুধু সদিচ্ছা ও প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট। তিনি আরো বলেন, দ্রুত দাবি মেনে না নেয়া হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে।
শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায়ে তারা একতাবদ্ধ রয়েছেন। প্রয়োজনে দীর্ঘমেয়াদি কর্মসূচি হাতে নেয়া হবে।










