জামালপুরের সরিষাবাড়ী থেকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলাগামী মালিপাড়া-মুনসুরনগর সড়কের ব্রাহ্মণজানি বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে একটি ট্রাক। আজ বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটে। এ সময় ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, ভোরে ৪ শতাধিক সিমেন্টের বস্তা নিয়ে ট্রাকটি ব্রাহ্মণজানি বাজারে যাওয়ার সময় অতিরিক্ত লোডের কারণে বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যায়। ব্রিজটির ধারণক্ষমতা ছিল মাত্র ৫ টন। এ ঘটনায় দুই উপজেলার পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে বসবাসরত হাজার হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে।
ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল বলেও জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার পর ট্রাক চালক ও তার সহকারীকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জামালপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ব্রিজটি মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে। অতিরিক্ত মালামাল বোঝাই করার কারণে ট্রাক মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলেও তিনি জানান।










