ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের সঙ্গে জুট মিলের শ্রমিকবাহী পিকআপের সংঘর্ষে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় বগুড়ার দুপচাঁচিয়া, দিনাজপুরের চিরিরবন্দর, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও যশোরের অভয়নগরে চারজন প্রাণ হারিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

ফরিদপুর: বেলা আড়াইটার দিকে কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেন সোতাশী ধলা হুজুরের বাড়ির কাছে রেলগেট পার হওয়ার সময় জনতা জুট মিলের শ্রমিকবাহী পিকআপকে ধাক্কা দেয়। পিকআপটি দুমড়ে-মুচড়ে পাশে পড়ে যায়।

এ দুর্ঘটনায় জনতা জুট মিলের শ্রমিক ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা, মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বগুড়া: দুপচাঁচিয়া উপজেলার পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে পিকআপের ধাক্কায় পারভেজ হোসেন (২৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভেজ জেলার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের কুড়াহার গ্রামের বাসিন্দা। তিনি কাহালু উপজেলার বীরকেদার এলাকায় আজাদ পেপার মিলের কর্মচারী ছিলেন।

দিনাজপুর: চিরিরবন্দরে ট্রাক্টর ও অটোর মুখোমুখি সংঘর্ষে খালিদ মোহাম্মদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ৩টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণ নগর ক্লাবের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিরিরবন্দর থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর বিন্নাকুড়ি বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে বিন্নাকুড়ি বাজারে দুপুরের খাবার শেষে কয়েকজন বন্ধু অটোযোগে চিরিরবন্দরে ফিরছিল। পথে ঘটনাস্থলে পৌঁছলে ট্রাক্টর ও অটোর মুখোমুখি সংঘর্ষ হলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে খালিদ ও তার বন্ধুরা আহত হয়। পরে গুরুতর আহত খালিদকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটি ভর্তি ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কাবিল হোসেন মণ্ডল (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই হাতেম আলী গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজিরকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাবিল হোসেন মণ্ডল উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেন নজু মণ্ডলের ছেলে।

যশোর: অভয়নগর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমন উল্টে চালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী বাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমনচালক নূর আলী শেখ (২৩) বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া দক্ষিণপাড়া এলাকার মাসুম শেখের ছেলে। অভয়নগর থানার ওসি এসএম নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।