মেহেরপুরের সদর উপজেলায় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানে ছোট ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ  বৃহস্পতিবার সকাল ৬টায় মেহেরপুরে-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার শালদানাচর গ্রামের মৃত হাশেম ব্যাপারীর ছেলে শাহাদৎ হোসেন (৪৫) ও একই জেলার নাগদেমরা গ্রামের মোজহার মোল্লার ছেলে ফারুক হোসেন (৪২)। শাহাদৎ ছোট ট্রাকটির চালক ছিলেন এবং ফারুক সহকারী হিসেবে ছিলেন।

মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক জানান, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে ঢাকা থেকে মেহেরপুর আসা সিমেন্টবোঝাই একটি কার্ভাডভ্যান বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ভোর সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা থেকে আসা একটি ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ির সামনের দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন ছোট ট্রাকটির চালক শাহাদত হোসেন ও তার সহকারী ফারুক হোসেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খাঁন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতেদের পরিচয় শনাক্ত হয়েছে। তাদের পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।