ফেনীর ছাগলনাইয়া থানা থেকে ৫ আগস্ট লুট হওয়া ৩টি অস্ত্র উদ্ধার করেছে
আনসার বাহিনী।
জেলার আনসার-ভিডিপি সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) ও
আজ শুক্রবার (৯ আগস্ট) গোপন সংবাদ পেয়ে ফেনী জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট মো. হেলাল
উদ্দীনের নেতৃত্বে ৫ ও ১৮ ব্যাটালিয়ন আনসারের দুটি টিম ছাগলনাইয়া থানার বিভিন্ন স্থানে
অভিযান চালায়। এ সময় ছাগলনাইয়া থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে ২টি শর্টগান, ১টি
চায়না রাইফেলসহ মোট ৩টি অস্ত্র উদ্ধার করে। অভিযানে ছাগলনাইয়া উপজেলা আনসার-ভিডিপির
কর্মকতা রিক্তা হাজারী, উপজেলা প্রশিক্ষক মাসুদ পারভেজসহ আনসার-ভিডিপির কর্মকতারা উপস্থিত
ছিলেন।
ফেনী জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীন জানান, স্থানীয়
যুবকদের কাছ থেকে খবর পেয়ে ব্যাটালিয়ন আনসার সদস্যদের নিয়ে ২টি অস্ত্র ও থানা পুকুর
থেকে ১টি অস্ত্র, ৪ রাউন্ড রাবার কার্তুজ, ৪ রাউন্ড সীসা কার্তুজ, আগুনে ভস্মীভুত অস্ত্রের
৪টি অংশ ও একটি ভাঙা গুলির বক্স উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের বিষয়টি জেলা পুলিশ
সুপার মনিরুল ইসলাম ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলকে অবহিত
করা হয়েছে।
তিনি জানান, অস্ত্রগুলো জেলা ব্যাটালিয়ন আনসার-ভিডিপির কমান্ড্যান্টের
হেফাজতে রয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তিনি আরো জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা
রক্ষায় দায়িত্ব পালন করতে ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসারসহ সব ভিডিপির সদস্যদের দায়িত্ব
পালন করতে নির্দেশ দেয়া হয়েছে।










