ঢাকার নবাবগঞ্জে প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে উপজেলা সভাকক্ষে সরকারিভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এসব কৃষিসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংসদ সদস্য সালমান এফ রহমানের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে কৃষিসামগ্রী বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়নের ৪২টি কৃষি ব্লকের মোট ১ হাজার ১৬৫ কৃষককে প্রণোদনা হিসেবে ধান, গম, ভুট্টা প্রদান করা হয়। এছাড়া পুনর্বাসন হিসেবে ৩ হাজার ৪০০ কৃষককে মসুর ডাল, খেসারি ডাল, সরিষা, মরিচ, টমেটো ও চীনাবাদামের বীজ প্রদান করা হয়।
নবাবগঞ্জ ইউএনও এইচএম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ আসমা জাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষকলীগ সভাপতি জাহিদ হায়দার উজ্জল, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান তুহিন, কৃষক নেতা মিজানুর রহমান শিলু, আক্তার হোসেন প্রমুখ।










