পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে আগামীতেও শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও পরিকল্পনায় ২০২১ সালে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পৌঁছায়। এখন ভিশন ২০৪১ বাস্তবায়িত হলে আমাদের এ দেশ উন্নত দেশের কাতারে সামিল হবে।

আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণের উপাদি দক্ষিণ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠ ও উপাদী উত্তর ইউনিয়নের ডিংগাভাংগা উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দুস্থদের মধ্যে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী আরো বলেন, শেখ হাসিনা সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দেশের উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। সময়ের ব্যবধানে সরকারের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে দেশের অবকাঠামোসহ সামগ্রিক দৃশ্যপট বদলে যাচ্ছে।

উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদউল্লাহ প্রধানের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সদস্য মাঈনউদ্দিন মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফারুক বিন জামান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  শ্যামল চন্দ্র দাসসহ আরো অনেকে।