চাঁপাইনবাবগঞ্জের শিংনগর সীমান্তে গুলির ঘটনা ঘটেছে। এতে মো. শরিফুল ইসলাম ভোদু (২৪) নামে এক গরু ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন তৌহিদুল ইসলাম ও মো. বাবু নামে দুই ব্যক্তি।

স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শিংনগর সীমান্তের ৭২ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

নিহত শরিফুল মনাকষা ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মো. তাজ উদ্দিনের ছেলে। তার মরদেহ সীমান্তের চুলকানি মাঠে পড়ে রয়েছে। অপরদিকে আহতরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বণিক বার্তাকে স্থানীয় জনপ্রতিনিধি ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলির ছোড়ার কথা উল্লেখ করলেও ঘটনাটি নিশ্চিত করতে পারেনি বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

মনাকষা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড (ইউপি) সদস্য মো. সেরাজুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে শিংনগর সীমান্ত দিয়ে ১২-১৩ জনের একটি চোরাচালান দল গরু আনতে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে ফেরার সময় ভারতের দৌলতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শরিফুলের, আহত হয় আরও দুজন।

এদিকে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ জানান, শিংনগর সীমান্তে হতাহতের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। তারপরও খোঁজ-খবর নেয়া হচ্ছে।