ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী মনিরুউজ্জামান মনির। গতকাল বিকালে রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। পাশাপাশি ভোটারদের ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ উপস্থিত ছিলেন।
মনিরুজ্জামান মনির আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য। তার এ ঘোষণার মধ্য দিয়ে এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান ওমরের আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী থাকল না।










