ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারতে অনুপ্রবেশের দায়ে আটক তিন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (৩ জুন) সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তের ১১৫২/এমপি পিলারের নিকট শূন্যরেখায় ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে একজন পুরুষ ও দুই নারীকে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ৩১ বিজিবির বিজয়পুর সামীন্ত ফাঁড়ির নায়েক শাহ আলম দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে দূগার্পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন।
তিন বাংলাদেশী হলেন—ময়মনসিংহের ফুলবাড়ী থানার বিড়ালশাখ গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. সিরাজ উদ্দিন (৩১),শেরপুর জেলার ডোবারচর গ্রামের সুলতান মিয়ার মেয়ে সুমি আক্তার সিমা (২৫) ও পাবনার চটমোহর থানার মথুরাপুর বাজার এলাকার মুরাদ খন্দকারের মেয়ে মারুফা খাতুন (২৮)। তারা ২ জুন মেঘালয় সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন।
বিজিবি জানায়, সকাল পৌনে ৯ টার দিকে ৬ সদস্যের বিজিবি ও বিএসএফের দলের ফ্ল্যাগ মিটিং হয়। পরে বিএসএফ তিন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করে। মিটিং শেষে বিজিবি তাদের দুর্গাপুর থানায় নিয়ে যায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ জিম্মায় মুচলেখার মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়।










