পঞ্চগড়ে গত দুদিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে তাপমাত্রা নামতে শুরু করেছে হিমালয়ের কাছের এ জেলার। আরো দুই-তিনদিন এমনই আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গত ২৪ ঘণ্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া গতকাল সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়। রাতে মুষলধারে বৃষ্টি হয়েছে। গতকাল সকাল থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টিপাতের ফলে হেমন্তেই দেখা দিয়েছে শীতের আমেজ। পঞ্চগড় পৌর এলাকায় বৃষ্টির কারণে শীতল আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে শ্রমজীবী মানুষ বৃষ্টি উপেক্ষা করে কাজে বের হয়। তবে তাদের গায়ে শীতের কাপড় দেখা গেছে।

পৌরসভার খালপাড়া এলাকার আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার থেকে মোটা কাপড় ছাড়া বাইরে বের হওয়া যাচ্ছে না। দুদিন আগেও গরম ছিল। কিন্তু বৃষ্টির পর মনে হচ্ছে শীতকাল এসে গেছে।

পৌরসভার ইজিবাইকচালক রশিদুল ইসলাম জানান, সকাল থেকে শহরে মানুষের সমাগম কম দেখা গেছে। মাঝে মাঝে ঠাণ্ডা হাওয়া বয়ে যাওয়া শীত লাগছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, উত্তরের হিমেল বাতাস বয়ে যাচ্ছে এ জনপদে। সেই সঙ্গে ভারতের অন্ধ্রপ্রদেশে সাগরে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে। দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। বৃষ্টির পরই শীতের আমেজ শুরু হবে। গতকাল তাপমাত্রা ২০ দশমিক ৬ ডিগ্রিতে নেমে এসেছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।