সাতক্ষীরার আশাশুনিতে রাতের আঁধারে শ্মশানে বসে বিষাক্ত মদ পান করে তিন যুবকের মৃত্যু হয়েছে। তারা হলেন তেঁতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) ও মোকামখালী গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)। গতকাল সকালে তাদের মৃত্যু হয়।

অসুস্থ অবস্থায় কমপক্ষে ১০ জন আশাশুনিসহ সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, সোমবার ঈদের রাতে উপজেলার কাদাকাটি বাজারসংলগ্ন পঞ্চপল্লী শ্মশানের চত্বরে বসে ১৫-১৮ জন মিলে মদ পান করেন।

এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়ে। ভোরে সবাইকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। অসুস্থ ১০ জনের মধ্যে সাত-আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।

আশাশুনি থানার ওসি নোমান হোসেন জানান, তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ওসি বলেন ‘‌বিষাক্ত মদ পান করে তাদের মৃত্যু হয়েছে। বিভিন্ন হাসপাতালে তারা মারা যান।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসর (আরএমও) ডা. প্রসুন কুমার বলেন, ‘আমার এখানে একজন মারা গেছে। বাকিরা সাতক্ষীরাসহ বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।’