ঝালকাঠির
সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামের জ্বালানি
তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় নিখোঁজ একজনের মরদেহ ইঞ্জিন রুম থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল দুপুরে জাহাজের গ্রিজার আবদুস সালাম ওরফে হৃদয়ের (২৬) মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হৃদয় হবিগঞ্জের মাধবপুর উপজেলার সমুজদিপুর গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করেছেন বলে নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর থানার এসআই নজরুল ইসলাম।
জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো তিনজন নিখোঁজ। তারা হলেন জাহাজের সুপারভাইজার চাঁদপুরের বাসিন্দা মাসুদুর রহমান (৪৮), চালক বরিশালের রুহুল আমিন (৫৫) ও পিরোজপুরের মঠবাড়িয়ার উদয়তারা বুড়িরচর গ্রামের আকরাম হোসেন (৪০)।
এদিকে উদ্ধার তৎপরতায় গাফিলতির অভিযোগ করেছেন নিখোঁজ কর্মচারীদের স্বজনরা। তাদের দাবি, নিখোজদের উদ্ধারে গুরুত্ব না দিয়ে জাহাজ ও তেল অপসারণ নিয়ে ব্যস্ত মালিক পক্ষ।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকাল থেকে সুগন্ধা নদীতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালান। এছাড়া শনিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত জাহাজে মজুত করা প্রায় ১১ লাখ লিটার জ্বালানি তেল থেকে প্রায় ৬ লাখ লিটার তেল ওটি মৃদুলা নামের অপর একটি জাহাজে অপসারণ করা হয়েছে। এতে প্রায় ডুবে যাওয়া তেলবোঝাই জাহাজটি অনেকটা ভেসে উঠেছে। এ কাজে সহায়তা করে কোস্টগার্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দুটি জাহাজ।
শনিবার বেলা ২টার দিকে সুগন্ধা নদীতীরের সরকারি তেলের ডিপোর কাছে সাগর নন্দিনী-২ নামের জ্বালানি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।










