সাভারের আমিনবাজারে একটি টিনশেড ঘরে আগুন লেগে সাত যুবক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। গত শুক্রবার রাত ১০টার দিকে আমিনবাজার ইউনিয়নের হিজলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাকের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন আব্দুর রাজ্জাকের ছেলে রায়হান (২০), তার বন্ধু হাদিস (২০), নাহিদ (২০), জুয়েল (২২), মোনারুল (২২), আলামিন (২২) ও রুবেল (২৪)। দগ্ধরা কেউ মিস্ত্রী, কেউ দোকানের কর্মচারী ও কয়েকজন গার্মেন্টস কর্মী।

আগুনে রায়হানের ২৮ শতাংশ, হাদিসের ১৩, নাহিদের ১৭, মোনারুলের ৭, আলামিনের ১২ ও রুবেলের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে বলে নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

এ বিষয়ে আমিনবাজার পুলিশ ক্যাম্পের এসআই মো. হারুন অর রশিদ বলেন, ‘ওই বাড়িতে হারুন মোল্লার ছেলে ও তার ছয় বন্ধু খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ করেই সিলিং ফ্যানে বিদ্যুতের লাইনে আগুন ধরে যায়। বিদ্যুতের তার গলে আগুন ছড়িয়ে পড়লে সাতজনই দগ্ধ হন। পুরনো বৈদ্যুতিক লাইন থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’