বিশ্ববিদ্যালয় আইনে ‘ছাত্র সংসদ’ সংযুক্ত করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবিতে আমরণ অনশনে বসেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। গতকাল সকালে প্রশাসনিক ভবনের সামনে শুরু হওয়া এ অনশন দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গণ-অভ্যুত্থানের পর বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এর সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত করার দাবিতেও নিয়মিত আন্দোলন করে আসছেন তারা।
অনশনে থাকা শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, ‘ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে অন্তর্ভুক্ত করার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। কিন্তু তাতে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় আমরা আমরণ অনশনে বসেছি এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চালিয়ে যাব।’
উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, ‘ইউজিসি জানিয়েছে, তাড়াহুড়ো করে আইন করা সম্ভব নয়। তাই আমরা সময় নিয়ে চেষ্টা চালাচ্ছি।’










