বিভিন্ন পর্যায়ের ২০১ কর্মকর্তাকে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। তাদের পদোন্নতির ব্যাপারে গতকাল প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়নি। তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তাদের দ্বারা অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।’
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর গত ১৩ আগস্ট প্রশাসনের সিনিয়র সহকারী সচিব মর্যাদার ১১৭ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়। তার পাঁচদিনের মাথায় যুগ্ম সচিব পদে এ পদোন্নতি দেয়া হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী বাতায়নের তথ্য অনুযায়ী, বর্তমানে ৬ হাজার ৩৯৯ জন কর্মকর্তার মধ্যে সচিব রয়েছেন ৬৭ জন, গ্রেড-১ কর্মকর্তা ২৪, অতিরিক্ত সচিব ৩৯৪, যুগ্ম সচিব ৭৭৩, উপসচিব ১ হাজার ৮১১, সিনিয়র সহকারী প্রধান ৮৭, সিনিয়র সহকারী সচিব ২ হাজার ২৬ ও সহকারী সচিব ১ হাজার ২১৭ জন।










