নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ কর্মী রাকিব হাসানকে কুপিয়ে হত্যার মামলায় গোলাকান্দাইল ইউনিয়ন পরিবহন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নারায়ণগঞ্জের আদমজী কার্যালয় থেকে আজ শনিবার দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১১।
এ ঘটনায় গ্রেপ্তার অন্য দুজন হলেন সজিব মিয়া (২২) ও মো. রুবেল হোসেন (৩৮)। গ্রেপ্তার ৩ জনই রাকিব হাসান হত্যা মামলার অভিযুক্ত আসামী।
র্যাব জানান, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে আদমজীনগরে র্যাব-১৪ ও র্যাব-১৫ এর সহায়তায় তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা স্বীকার করেছে। এ ছাড়া পলাতক অন্য আসামীদের ধরার জন্য অভিযান চলমান রয়েছে।
গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা নাগাদ গোলাকান্দাইল কাঠপট্টি এলাকায় একদল দুর্বৃত্ত ছাত্রলীগ কর্মী রাকিবের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে আহত করা হয়। পরে আশপাশের লোকজন রাকিবকে উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর রাকিবের স্বজন ও অনুসারীরা লাশ নিয়ে মিছিল শুরু করে। পরে দেলোয়ার হোসেনের তিনতলা বাড়ি ও পাঁচটি দোকানে আগুন দেয়া হয়। মিছিলকারীরা ঢাকা–সিলেট মহাসড়কে পাঁচটি যানবাহন ভাঙচুর করে।










