ঈদযাত্রার শেষ দিনে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।  আজ শুক্রবার ( ২১ এপ্রিল) ভোরের দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে একাধিক গাড়ি বিকল হয়ে গেলে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় যানজট।বেলা ১২টা নাগাদ এই মহাসড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও গাড়ি চলেছে থেমে থেমে।

টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান জানান, শুক্রবার ভোররাতে বঙ্গবন্ধু সেতুর দিকে একাধিক গাড়ি বিকল হয়ে যায়। এর প্রভাবে সেতুর পূর্ব প্রান্তের গোল চত্বর থেকে শুরু হয়ে  আনালিয়াবাড়ি পর্যন্ত এলাকায় ধীরগতিতে যানবাহন চলেছে। 

তিনি আরো জানান, মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট নিরসনে কাজ করছে পুলিশ। পুলিশের তৎপরতায় বিকল গাড়িগুলো সরিয়ে ফেলার পর যান চলাচল স্বাভাবিক হচ্ছে।