চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুরে পুরনো জেলখানাসংলগ্ন মসজিদের পেছনে অবস্থিত কামাল ইলেকট্রনিকসের একটি  শোরুমে আগুন লেগে অর্ধকোটি টাকার বেশি মালামাল পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত বলে নিশ্চিত করেছেন, কামাল ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. ইকবাল আহমেদ।

তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আমার শোরুমে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এসি ফ্যানসহ ৬০-৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, কামাল ইলেকট্রনিক্সে অগ্নিকাণ্ডের ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে কেউ হতাহত হয়নি। শোরুমটি বন্ধ ছিল। এদিকে আগুন লাগার পর শহরের একাংশ বিদ্যুিবহীন হয়ে যায়। আতঙ্কিত হয়ে উত্সুক জনতা ভিড় জমায় হুজরাপুরে। বন্ধ হয়ে যায় ঝিলিম রোড।