দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেন ও ব্রাজিল সফর। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী তিনদিনের এক রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের আমন্ত্রণে দেশটির রাজধানী মাদ্রিদ যাওয়ার কথা ছিল। সেখানে দেশটির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন মনক্লোয়া প্রাসাদে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বৈঠকের পাশাপাশি কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা ছিল বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়। এছাড়া উভয় দেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। 

স্পেন সফরের পর আগামী ২৩-২৫ জুলাই অনুষ্ঠেয় জি২০ সম্মেলনের বিশেষ অধিবেশন ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে ব্রাজিল সফরের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে বিএনপিসহ সরকারবিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দেশত্যাগের গুজব ছড়ানোর অভিযোগ তোলেন। ওবায়দুল কাদের বলেন, ‘‌এখন গুজব ছড়াচ্ছেন। কেন শেখ হাসিনার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন? শেখ হাসিনা নাকি পালিয়ে গেছেন? শেখ হাসিনা শেখ মুজিবের মেয়ে। শেখ হাসিনা যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে মরে যাবেন, কিন্তু মাথা নত করবেন না। শেখ হাসিনা কোনো দিনও পালিয়ে যাবেন না। মুচলেকা দিয়ে আপনাদের নেতা লন্ডনে পালিয়েছে। বঙ্গবন্ধুকন্যা পালাবেন না।’