ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি ঢলের পানিতে শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার মহারশি নদীর পানি হঠাৎ করে বেড়েছে। এতে উপজেলা সদরসহ ঝিনাইগাতি সদর ইউনিয়ন, মালিঝিকান্দা, হাতিবান্ধা ও গৌরিপুর ইউনিয়নের আংশিক এলাকাসহ প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের স্রোতে এরই মধ্যে এসব এলাকার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তলিয়ে গেছে বিভিন্ন পুকুর ও গ্রীষ্মকালীন সবজি ক্ষেত।

জানা যায়, মঙ্গলবার রাত থেকে নদীর পানি উপজেলা চত্বরের ১২-১৩টি দপ্তরের প্রবেশ করে। এরপর আস্তে আস্তে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, উপজেলা সদরের প্রধান সড়কসহ বাজারের দোকানপাট এবং আবাসিক এলাকার বাসা-বাড়িতে পানি প্রবেশ করে। এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছে। এছাড়া সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাও ঢলের পানিতে দুর্ভোগের শিকার হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানায়, উজানের পাহাড়ি ঢলের কারণে মহারশি নদীর পানি বেড়ে সাময়িকভাবে উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেলেও বৃষ্টি থেমে গেলে পানি নেমে যাবে। তবে বৃষ্টি হলে পানি আরো বাড়তে পারে।