পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা বাজার এলাকায় মনির মল্লিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নিহতের পরিবার ও এলাকাবাসী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। নিহত মনির বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রোগনাথপুর ভরপাশা গ্রামের মৃত চান মল্লিকের ছেলে। জমি নিয়ে বিরোধের জের ধরে ২ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে মনির মল্লিককে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের চাকরখালী বাজারে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ৪ জানুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির। এ ঘটনায় তার ভাই আব্দুল রাজ্জাক বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনকে আসামি করে মামলা করেন।
মানববন্ধনে মনির মল্লিকের স্ত্রী বলেন, আমার স্বামীকে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিহত মনিরের বড় ভাই আব্দুল রাজ্জাক বলেন, আমার ভাইকে যারা হত্যা করেছে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। দেশে কি আইন নেই? আমার ভাইয়ের হত্যার বিচার কি আমরা পাব না?
মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।










