ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় একটি ট্রাক উল্টে পুকুরে পড়ে গেলে বেদে সম্প্রদায়ের দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি বেপরোয়া গতিতে বরিশালের দিকে যাচ্ছিল। বামরাইল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়।
তিনি বলেন, ট্রাকটিতে বেদে সম্প্রদায়ের বেশ কয়েকজন যাত্রী ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। এ সময় ট্রাকে থাকা ২৩ জনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
বিপুল হোসেন আরো জানান, হাসপাতালে পাঠানো আহতদের মধ্যে দুজনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আহত বাকিদের চিকিৎসা চলছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ট্রাকটি অতিরিক্ত যাত্রী বহন করছিল। এছাড়া ট্রাকটি নির্ধারিত গতির চাইতে বেশি গতিতে চলছিল। এ কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উদ্ধার কার্যক্রমে অংশ নেয় ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।










