মৌখিক শান্তিচুক্তির ঠিক এক মাসের মাথায় রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

এদিন দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলাকালীন সময়ে ধানমন্ডিতে ঢাকা কলেজের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্ররা আইডিয়াল কলেজের দিকে যায়। পরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব গণমাধ্যমকে বলেন, কর্তৃপক্ষ ও পুলিশের তৎপরতায় ঢাকা কলেজের ছাত্রদের বুঝিয়ে কলেজের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়েছে। কলাবাগান এলাকায় পুলিশ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

গত ৯ নভেম্বর মাসে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে নিউমার্কেট থানা-পুলিশের মধ্যস্থতায় মৌখিক শান্তিচুক্তি হয়। চুক্তি শেষে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিজ্ঞা করেছেন, তারা আর মারামারি করবেন না।