‘পূবালী বাতাসে, আষাঢ় মাইস্যা ভাসা পানি’সহ অসংখ্য গানের রচয়িতা মরমি বাউল সাধক উকিল মুন্সী স্মরণে বাউল উৎসব ও নবনির্মিত স্মৃতি কেন্দ্র উদ্বোধন করা করা হয়েছে। গতকাল দুপুরে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জৈনপুরে বাউল উৎসব উদযাপন পর্ষদ ও উকিল মুন্সী স্মৃতি পরিষদ এ উৎসবের আয়োজন করে। 

প্রধান অতিথি হিসেবে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্মৃতি কেন্দ্র উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি। বাউল উকিল মুন্সী স্মৃতিকেন্দ্রসংলগ্ন মাঠে এ উপলক্ষে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ আকুঞ্জির সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, সংসদ সদস্য হাবীবা রহমান খান শেফালী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার সজল। সম্মানিত অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ সোম, অতিরিক্ত পুলিশ সুপার ফকরুজ্জামান জুয়েল, মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল, পৌরসভার মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন প্রমুখ।

উল্লেখ্য, বাউল সাধক উকিল মুন্সী নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী গ্রামে ১৮৮৫ সালের ১১ জুন সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম আবদুল হক আকন্দ। শৈশবে তিনি ঘেটুগানে যোগ দেন।

 পরে গজল ও পরিণত বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাউল সাধনায় লিপ্ত ছিলেন।  অসংখ্য জনপ্রিয় গান লেখার পাশাপাশি তিনি মসজিদে ইমামতিও করতেন। গান ও ইমামতি একসঙ্গে করার বিষয়টি বিস্ময়কর হলেও উকিল মুন্সী তা সম্ভব করেছিলেন। ১৯৭৮ সালের ১২ ডিসেম্বর ৯৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।