চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) পঞ্চম বর্ষের এক ছাত্রের বিরুদ্ধে হাসপাতালের একজন নার্সকে মারধর ও একটি ওয়ার্ডে হামলার অভিযোগ উঠেছে। এ মারধর ও হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন হাসপাতালের নার্সরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের মূল ফটকে অবস্থান নেন তারা। তাদের অবস্থান কার্যক্রমে নার্সিং কলেজের শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন।

হামলায় আহত মো. ফারুক হোসেন জানান, বিকেল ৪টার দিকে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে একটি রোগী ভর্তি করাতে আসেন ওই ছাত্র। এসময় তথ্য জানার চেষ্টা করলে একজন নারী নার্সকে মারধর করেন তিনি। কিছুক্ষণ পর ৫০ জনের মতো এক দল লোক এসে ওয়ার্ডে ফের হামলা চালায়। এসময় আমাকেসহ বেশ কয়েকজনকে মারধর করেন তারা।

নার্সিং অফিসার রাফাত জামান বলেন, আমাদের দাবি, মারধরের বিচার নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত বিচার হবে না ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এভাবে আমাদের ওপর হামলার বিচার চাই।