বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর শোককে তারা শক্তিতে পরিণত করতে চান। এ শক্তি তারা নির্বাচনী স্বার্থে নয়, বরং জাতি বিনির্মাণের কাজে ব্যবহার করা হবে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।
বিএনপি এতটা সংকীর্ণ নয় যে চেয়ারপারসনের মৃত্যুশোককে নির্বাচনী কাজে ব্যবহার করবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে যে শূন্যতা ও বেদনা তৈরি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়। গণতন্ত্রের জন্য তিনি নিজের জীবন, সন্তান ও পরিবার উৎসর্গ করেছেন। সে কারণে তিনি বিশ্বপরিসরে একজন গণতন্ত্রকামী নেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে না থাকলেও মানুষের হৃদয়ে তিনি উপস্থিত। গণতন্ত্রের মা হিসেবে যে স্বীকৃতি তিনি পেয়েছেন, তা সব দল ও মতের ঊর্ধ্বে গিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছে।
খালেদা জিয়ার জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, জিয়াউর রহমানের পর এমন জনসমাগম দেখা গেছে খালেদা জিয়ার জানাজায়। এতে দলের প্রতি মানুষের প্রত্যাশা যে বেড়েছে, তা স্পষ্ট। তবে সে প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তার কথাও জানান তিনি।
খালেদা জিয়ার মৃত্যুর পর আসন্ন নির্বাচনে তার মনোনয়নের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যেহেতু তিনি আর শারীরিকভাবে নেই, তাই তার আইনগত সত্ত্বাও নেই। সে কারণে তার মনোনয়ন স্বাভাবিকভাবেই বাতিল হবে। বিকল্প প্রার্থী আগে থেকেই দেয়া আছে এবং বাছাই প্রক্রিয়ায় টিকলে তারাই চূড়ান্ত প্রার্থী হবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, বাবা, মা ও ভাই হারিয়ে তিনি একা হয়ে গেছেন। এখন তিনি দলের কাছে একটি আমানত। একজন রাজনৈতিক নেতার জন্য দৃঢ় মনোবল থাকা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
শেষে সালাহউদ্দিন আহমদ বলেন, দলকে ঐক্যবদ্ধ রেখেই সীমিত সামর্থ্যের মধ্যে সবাইকে সঙ্গে নিয়ে দেশ ও জাতিকে এগিয়ে নিতে হবে।















