রাজবাড়ীর কালুখালীতে দ্রুতগতির ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাংশা উপজেলার মৈশালা এলাকার মো. স্বাধীন ও কালুখালী উপজেলার মৃগী এলাকার আরিফুর রহমান আরিফ।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, রোববার রাতে ওই দুই যুবক মোটরসাইকেলে করে কালুখালী উপজেলা থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। বাংলাদেশ হাট মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অন্যজনকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।










