নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী মাউরাপট্টি সেকশনমাঠ এলাকায় অভিযান চালিয়ে এলাকায় ‘ত্রাস ও জনমনে ভীতি সৃষ্টিকারী’ কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে শনিবার বিকেল পৌনে ৩টায় র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল মিয়া ওরফে রাসেল (১৮), মো. জালাল (১৮), মো. আমিনুল ইসলাম (২৩), মো. জনি ওরেফ শফিকুল ইসলাম (১৮), মো. জাকির হোসেন ওরফে জাকির (১৮), মো. আনোয়ার (১৮), মো. জুয়েল রানা (২২), মো. আবু নাঈম (১৮), মো. ফেরদৌস ইসলাম (১৮),  মো. আব্দুল্লাহ ওরফে শুভ (২৪) ও  মো. সাইফুল ইসলাম ওরফে শান্ত (১৮)।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার কিশোর গ্যাং গ্রুপের উক্ত সদস্যরা অপর এক কিশোরকে অপহরণ করে চাঁনমারী মাউরাপট্টি সেকশনমাঠ এলাকায় একটি পরিত্যক্ত ভবনে আটকে রাখে এবং মারধর করে তার কাছে থেকে ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে ওই কিশোরের মায়ের কাছে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ওই কিশোরের মা ১০ হাজার টাকা দিবে বলে জানায়। পরে অপহৃত কিশোরের মায়ের অভিযোগে ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

র‌্যাব আরো জানায়, গ্রেফতাকৃতরা দুষ্কৃতিকারী ও কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাস্তা ঘাটে পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি ও জনমনে ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এছাড়াও ওই এলাকায় কোন অপরিচিত লোক আসলে জিম্মি করে মূল্যবান জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি জানান।