সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমেই অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। বিএনপি অবাস্তব কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করার পাঁয়তারা করছে। এ ধরনের পাঁয়তারা বিগত নির্বাচনের আগেও করেছিল। আগামী নির্বাচন ঘিরেও তারা একই ধরনের পাঁয়তারা করার ষড়যন্ত্র করছে। দেশের মানুষ তাদের ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে।
লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে গতকাল সকালে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলায় লালমনিরহাট সদর উপজেলা দল কালীগঞ্জ উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে।
লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবসর) আজিজুল হক বীরপ্রতীক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, কবি ফেরদৌসী বেগম বিউটি প্রমুখ।
প্রধান অতিথি মন্ত্রী নুরুজ্জামান আহমেদ আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ তৈরির জন্য পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য খেলাধুলা, সাহিত্য-সংগীত চর্চার পদক্ষেপ নিয়েছেন।










