স্বাস্থ্যসেবার মান বাড়াতে এবার রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যুক্ত হয়েছে প্যাথলজিক্যাল ল্যাব। গতকাল সকালে এটি উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমেদ।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ল্যাবে রোগীরা বিনামূল্যে হিমোগ্লোবিন, রক্ত পরীক্ষা, ব্লাড সুগার, রক্তচাপ, প্রেগনেন্সি পরীক্ষাসহ মা ও শিশু স্বাস্থ্য সম্পর্কিত পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন।
ডা. আশরাফী আহমেদ বলেন, ‘বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় প্যাথলজিক্যাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। আমাদের লক্ষ্য মা ও শিশুর মৃত্যুহার কমানো। আমরা সবাই মিলে কাজ করলে এ প্রচেষ্টায় সফল হব।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. সুলতান আহমেদ, উপপরিচালক ডা. নাসির আহমেদ প্রমুখ।










