চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরকে আন্তঃদেশীয় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর পরিধি বাড়ানোর উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এ জন্য বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে এটিকে অগ্রাধিকার দেয়ার কথাও জানান তিনি।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে সোনামসজিদ স্থলবন্দরে স্থানীয় প্রশাসন, কাস্টমস ও ট্রেড ইউনিয়নের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, সোনামসজিদ স্থলবন্দরটি অনেক পুরনো ও গুরুত্বপূর্ণ। ব্যবহারকারীরা এই বন্দরের পরিধি বাড়ানো ও একটি লিংকরোড স্থাপনের দাবি জানিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে স্থানীয় জেলা প্রশাসককে উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে।

পরিকল্পনার বিষয়ে তিনি আরো বলেন, সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন কিছু খাস জমি ও কিছু ব্যক্তি মালিকানাধীন জমিও রয়েছে। বিশ্বব্যাংককে দিয়ে এর আগেও বেশ কয়েকটি বন্দর উন্নয়ন করা হয়েছে। ভবিষ্যতে যদি বিশ্বব্যাংকের কোনো প্রকল্প থাকে, তাহলে এই বন্দর সম্প্রসারণের ভালো সুযোগ তৈরি হবে।

এ সময় আমদানি-রফতানি পণ্য পরিবহনের সুবিধার্থে একটি লিংকরোড স্থাপনের কথাও জানান তিনি।

মতবিনিময় সভায় আরো ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিউজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি মো. আব্দুল ওয়াহেদ এবং পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা।