চট্টগ্রামে ২৮ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের আটটি সংগঠনের নেতারা। এ মামলাকে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের অংশ আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
গত বুধবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। এতে অন্য আসামিদের সাথে একাধিক সাংবাদিক নেতাসহ জাতীয় ও স্থানীয় শীর্ষ পর্যায়ের গণমাধ্যম প্রতিষ্ঠানের মোট ২৮ জন সাংবাদিককে আসামি করা হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি খোরশেদ আলম ও সম্পাদক যীশু রায় চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা ও সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাশেদ মাহমুদ ও সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মিয়া আলতাফ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন এক যৌথ বিবৃতিতে সাংবাদিকদের বিরূদ্ধে এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এর পেছনে স্বার্থান্বেষী মহলের দুরভিসন্ধি ও হীন উদ্দেশ্য রয়েছে।
নেতৃবৃন্দ অবিলম্বে এ ধরনের সাজানো মামলা থেকে সাংবাদিকদের নাম প্রত্যাহার এবং ষড়যন্ত্রকারী মহলকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় সাংবাদিক সংগঠনগুলো এ ব্যাপারে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।










