কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই কয়েদির মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার আব্দুল বারেক।

মৃত দুজন হলেন আজমল প্রামাণিক (৫৫) ও আবুল কালাম (৪০)। তাদের মধ্যে আজমল মারা যান গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ও আজ ভোর সাড়ে ৬টার দিকে মারা যান আবুল কালাম।

হাসপাতাল সূত্র জানায়, আজমল গতকাল রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে কারাগার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। অন্যদিকে আবুল কালাম আজ ভোরে হঠাৎ অসুস্থ হলে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার। আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে।

আজমল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের খলিল প্রামাণিকের ছেলে। একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তিনি।

অন্যদিকে আবুল কালাম কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।