মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাত ধরে দেশের প্রত্যন্ত অঞ্চলেও উন্নয়ন হচ্ছে। বঙ্গবন্ধু না হলে এ দেশ স্বাধীন হতো না। নূরউদ্দিন মাস্টার, শেখ আব্দুল লতিফরা (স্থানীয় মুক্তিযোদ্ধা) জীবনের ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ করেছেন। যারা বেঁচে আছেন তারা তো জানতেন না তারা বেঁচে থাকবেন। তাদের নাম তো শহীদের তালিকায় থাকতে পারত। এ দেশটা মুক্তিযোদ্ধারা জীবনের ঝুঁকি নিয়ে তৈরি করেছেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ত্রিশ লাখ মানুষ রক্ত দিয়েছে। কত মুক্তিযোদ্ধা পঙ্গু হয়েছেন।
মন্ত্রী গতকাল পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের কলারদোয়ানিয়া ভারানী খালের ওপর বীর মুক্তিযোদ্ধা মো. নূরউদ্দীন গার্ডার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, এ দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। এ এলাকার যোগাযোগ ব্যবস্থা অবহেলিত ছিল। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তা উন্নত হয়েছে। এখন আর বাঁশের সাকো পেরিয়ে এ এলাকার শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় না। আমার নির্বাচনী এলাকার মধ্যে সবচেয়ে নাজিরপুর উপজেলা ছিল উপেক্ষিত। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এ এলাকায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা উন্নত করেছি। এ অঞ্চলের কোথায় যাবেন, যেখানে উন্নয়নের ছোঁয়া পাওয়া যাবে না।










