রংপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পীরগঞ্জ পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া সড়ক দুর্ঘটনায় কক্সবাজার, সিরাজগঞ্জ ও মুন্সিগঞ্জে আরো সাতজনের প্রাণহানি হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

রংপুর: ঢাকা-রংপুর মহাসড়কে একটি ট্রাক সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একই সময় পেছন দিক থেকে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রী রাহিমা আক্তার মুন্নি (৩৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় রংপুরের হারাগাছের আব্দুল রাজ্জাক হাওলাদারকে (৫৫) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার ছেলে আরাফাত সানী সানভীকে (২২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাহিমা আক্তারের বাড়ি গাজীপুরে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ওসি এসএম মিজানুর রহমান জানান, আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার: জেলার টেকনাফে বাসের সঙ্গে ধাক্কা লেগে একটি ব্যাটারিচালিত মিনি টমটমের চালক ও এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরো চারজন। গতকাল সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হ্নীলা পশ্চিম লেদা এলাকার টমটমচালক মো. লালু (৪৫) ও পশ্চিম ফুলের ডেইল এলাকার আবুল হোসেনের মেয়ে মুনতাহা (২)। আহতরা হলেন হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকার মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) ও ইসমত আরা (৪০)।

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে কক্সবাজারগামী পালকি পরিবহনের বাসের সঙ্গে যাত্রীবাহী মিনি টমটমের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই টমটমচালক ও এক শিশু মারা যায়।

সিরাজগঞ্জ: রায়গঞ্জে ইটবোঝাই ট্রাকচাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চারজন। গতকাল সকালে উপজেলার ভূঁইয়াগাতি-নিমগাছি আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের জালাল উদ্দীন ও তার স্ত্রী মনোয়ারা বেগম। আহতরা হলেন অটোভ্যানচালক মাগরিব আলী, মনোয়ারা খাতুন ও আব্দুর রউফসহ চারজন।

মুন্সিগঞ্জ: জেলার টঙ্গীবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলদি বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তূর্য মাঝি (২৮), মোহাম্মদ সাকিব খান (২৭) ও শাহ সানিয়াত (২৫)। তাদের সবার বাড়ি টঙ্গীবাড়ী উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় একই মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে গিয়েছিলেন আলদি বাজার এলাকায়। রাতে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ সাকিব ও শাহ সানিয়াত। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তূর্য মাঝিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।