বরিশালে বেইলি ব্রিজ ভেঙে রডবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। শনিবার মধ্যরাত থেকে বরিশাল-ভোলা মহাসড়কে যানবহন চলাচল বন্ধ রয়েছে। সেতুটি সংস্কার করে যানবহন চলাচল স্বাভাবিক করতে আরো দুই-তিনদিন সময় লাগবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে ভেঙে পড়া বেইলি ব্রিজের স্থলে একটি কালভার্ট নির্মাণেরকাজ চলছে। এ কারণে বাইপাস সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়। শনিবার রাতে বরিশাল থেকে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার জন্য বাইপাস সড়কের বেইলি ব্রিজ পার হচ্ছিল ট্রাকটি। এ সময় ব্রিজ ভেঙে গেলে ট্রাকটি উল্টে খালে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ভেঙে পড়া বেইলি ব্রিজ পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্তরা। তাদের অভিযোগ, সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান নড়বড়ে বেইলি ব্রিজ স্থাপন করে এক মাস আগে। একাধিকবার এ বিষয়ে বলা হলেও কোনো উদ্যোগ নেননি ঠিকাদার।

ঘটনাস্থল পরিদর্শন শেষে সওজের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, অস্থায়ী বেইলি ব্রিজের ধারণ ক্ষমতা ছিল ২০ টন। দুর্ঘটনাকবলিত ট্রাকে ২৫ টন রড ছিল।