পুলিশ বাহিনীকে আরো সেবামুখী ও জনবান্ধব করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নৈতিক মনোবল বাড়ানোর পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি দিয়ে পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল ও জনমুখী করে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।
আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আলোচিত তিনটি ঘটনায় দায়িত্বশীল ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করা ১৫ জন পুলিশ সদস্যকে সরকার পুরস্কৃত করেছে। তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি ও খারাপ কাজের জন্য জবাবদিহির এ প্রক্রিয়া পুলিশ বাহিনীর সদস্যদের আরো কর্তব্যপরায়ণ, আন্তরিক ও ন্যায়নিষ্ঠ হতে উৎসাহিত করবে।
তিনি বলেন, রামিসা হত্যা মামলায় দ্রুত ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত ও অভিযোগপত্র দাখিল, দৌলতদিয়া ঘাটে পেশাদার দায়িত্ব পালনের মাধ্যমে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যা মামলার দ্রুত রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারে ভূমিকা রাখায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের উদ্যোগ পুলিশ সদস্যদের মনোবল আরো বাড়াবে বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৫ আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, বর্তমান সরকার তা অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এখন পুলিশ আগের তুলনায় আরো বেশি জনবান্ধব হয়েছে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
তিনি জানান, ২০২৪ ও ২০২৫ সালের অপরাধের তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী বর্তমান সরকারের সময়ে দেশের অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে।
মামলা তদন্তে পুলিশ কর্মকর্তাদের সরকারি বরাদ্দ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত কার্যক্রম, ময়নাতদন্ত ও পুলিশি টহল আরো গতিশীল করতে সরকারি বরাদ্দ বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয় সক্রিয়ভাবে বিবেচনা করছে।
পলাতক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে তিনি বলেন, পলাতক বা শৃঙ্খলাভঙ্গকারী কোনো কর্মকর্তার প্রতি কোনো ধরনের ছাড় দেয়া হবে না। আলোচিত কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী একাধিক বিভাগীয় মামলা করা হয়েছে এবং তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। যাদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন বা দণ্ডবিধির অধীনে মামলা রয়েছে, তাদের প্রচলিত আইন অনুযায়ী আদালতের মাধ্যমে বিচার হবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তিনটি বিশেষ কৃতিত্বপূর্ণ ঘটনায় অবদান রাখা ১৫ জন পুলিশ সদস্যের হাতে সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।










