নির্যাতনের অভিযোগ এনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আলোচিত
দুই কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ এবং যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ
২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। এক যুগ আগে নির্যাতনের
শিকার হওয়ার অভিযোগ তুলে সোমবার (১৯ আগস্ট) শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন
তিনি।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে মামলার তথ্যটি বণিক
বার্তাকে নিশ্চিত করেন। তিনি জানান, হত্যাচেষ্টার অভিযোগে এনে বেলা আড়াইটার দিকে জয়নুল
আবেদিন ফারুক এ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর ফারুক সাংবাদিকদের বলেন, ২০১১ সালে পুলিশের হামলার
ঘটনায় অভিযোগ নিয়ে এ থানায় (শেরেবাংলা নগর) এসেছিলাম, কিন্তু পুলিশ ভেতরেই ঢুকতে
দেয়নি। পরবর্তীতে আমরা কোর্টে মামলা করলে তিনদিন পর বাতিল করে দেয়। উল্টো তখন পুলিশ
বাদী হয়ে আমার বিরুদ্ধে একটা মামলা দেয়, সে মামলায় আজ পর্যন্ত হাজিরা দিয়ে যাচ্ছি।
আজকে সুযোগ হয়েছে, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমি আশা
করি ছাত্রজনতার বিপ্লবের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, এ
সময়ে আমার ওপর ঘটে যাওয়া হত্যাচেষ্টার ঘটনায় সুবিচার আমি পাব।
তিনি বলেন, ওসি সাহেব অভিযোগটি গ্রহণ করেছেন। দণ্ডবিধির ৩২৩, ৩২৫,
৩২৬, ৩০৭, ২০৬, ১০৯ ও ৩৪ ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।










