গতকাল বরিশাল সার্কিট হাউজে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিআরটিএর অনুদানের চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক দেয়া হয়। বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ ট্রাস্টি বোর্ড এ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, ‘সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। আমরা একটু পিছিয়ে আছি—সে কারণেই আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থা এবং এ ইকোসিস্টেমের মধ্যে আমাদের নতুন গণমাধ্যম যুক্ত হতে পারেনি। আমাদের তথ্য মন্ত্রণালয় যখন গড়ে উঠেছে, তখন এ ধরনের তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ছিল না। আবার এখন যে ধরনের তথ্যপ্রযুক্তিভিত্তিক ও নতুন কমিউনিকেশন টেকনোলজিভিত্তিক গণমাধ্যমের প্রসার হয়েছে, এটার সঙ্গে যেভাবে খাপ খাওয়ানো দরকার, তাও এতদিনে হয়ে ওঠেনি।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি কেবল দায়িত্ব নিয়েছি। মন্ত্রণালয় ও সরকারের নীতিনির্ধারক সবার সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিক ও সংশ্লিষ্ট সব অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা জবাবদিহির পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করব।’










